এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
তেলআবিবে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা! ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দরে “প্যালেস্টাইন–২” হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এর ফলে বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ হয়ে যায়, আর আতঙ্কে লাখ লাখ ইসরাইলি আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি দাবি করেন, বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে।
“এই হামলার কারণে লক্ষাধিক জায়নিস্ট আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে,” বলেন সারি।
তিনি আরও জানান, এই হামলা চালানো হয়েছে ফিলিস্তিনিদের সহায়তা এবং গাজার সাধারণ মানুষের ওপর গণহত্যা ও অনাহারের মতো অপরাধের জবাব হিসেবে।
“গাজায় দুই বছর ধরে যা চলছে, তা প্রমাণ করে ফিলিস্তিনিদের রক্ত, আরবদের রক্ত, মুসলমানদের রক্ত ইসরাইলি শত্রুর হাতে ঝরছে,” যোগ করেন তিনি।
ইয়াহিয়া সারি ইসলামি বিশ্বের নীরবতারও তীব্র সমালোচনা করেন। তার মতে, গাজার মানুষের ওপর গণহত্যা, অবরোধ ও দুর্ভিক্ষের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না মুসলিম বিশ্ব।
তিনি ঘোষণা দেন, ফিলিস্তিনিদের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই ইয়েমেনের সামরিক অভিযান চলবে।
“যতক্ষণ না যুদ্ধ থামে এবং গাজার অবরোধ তুলে নেওয়া হয়, আমাদের হামলা অব্যাহত থাকবে,” বলেন সারি।