এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
রাশিয়া নতুন প্রস্তাব দিয়েছে—ইউক্রেন যদি দনবাসের নিয়ন্ত্রণ ছাড়ে, তাহলে খেরসন ও জাপোরিজিয়ার বর্তমান সীমান্তে মস্কো হামলা বন্ধ রাখবে। রাশিয়া বর্তমানে দনবাসের ৮৮% এবং খেরসন-জাপোরিজিয়ার ৭৩% নিয়ন্ত্রণ করছে। প্রস্তাব অনুযায়ী, খারকিভ, সুমি ও দিনিপ্রোপেত্রোভস্কের ছোট অংশ ছাড়ারও প্রস্তুতি রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার শর্ত দিয়েছেন: দনবাস ছাড়তে হবে, ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিল করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে এবং দেশে কোনো পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না।
গত শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে ইউক্রেনের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা হয়েছে। ক্রেমলিন সূত্র জানায়, পুতিন গত বছরের তুলনায় কিছুটা শর্তে ছাড় দিতে প্রস্তুত হয়েছেন। তবে ন্যাটো নিয়ে পুতিনের অবস্থান অপরিবর্তিত।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইতিমধ্যে বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জমি ছাড়ার প্রশ্নই নেই এবং ন্যাটোতে যোগদান দেশের সংবিধান ও নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত। বিশ্লেষকরা মনে করছেন, দনবাস ছাড়ার দাবি রাজনৈতিক ও কৌশলগতভাবে গ্রহণযোগ্য নয়।
এদিকে, ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে প্রস্তুত, তবে শর্তগুলো আগে স্পষ্ট হতে হবে।
এখন প্রশ্ন উঠছে—এই প্রস্তাব কি সত্যিই যুদ্ধ শেষের পথে রাশিয়া-ইউক্রেনের জন্য নতুন দিগন্ত খুলবে, নাকি কেবল রাজনৈতিক প্রদর্শনী হিসেবেই সীমিত থাকবে।