ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশের নারী আম্পায়ারের ঐতিহাসিক মাইলফলক! জেসি-মুকুলরা শ্রীলঙ্কায় আইসিসি ওয়ার্কশপে, ফিরেই নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং দায়িত্ব”


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

বাংলাদেশের নারী আম্পায়ারের ঐতিহাসিক মাইলফলক! জেসি-মুকুলরা শ্রীলঙ্কায় আইসিসি ওয়ার্কশপে, ফিরেই নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং দায়িত্ব”

বাংলাদেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে আইসিসি। সেই উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পেতে চলা সাথিরা জাকির জেসি গেছেন শ্রীলঙ্কায়। তার সঙ্গে আরও আছেন অভিজ্ঞ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলসহ মোট সাতজন।

আগামী নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিং করবেন জেসি। এর আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসির ডেভেলপমেন্ট ওয়ার্কশপে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা ও জ্ঞান বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি।

রবিবার দুপুরে ঢাকার ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন আইসিসি প্যানেলে থাকা সাতজন বাংলাদেশি আম্পায়ার। দুই দিনব্যাপী এই ওয়ার্কশপে ভারত ও শ্রীলঙ্কার আম্পায়াররাও অংশ নিচ্ছেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আয়োজন করছে এ কর্মশালা। এবার এটি শ্রীলঙ্কায় হলেও ভবিষ্যতে বাংলাদেশেও আয়োজন হতে পারে এমন সম্ভাবনা রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন চার নারী আম্পায়ার—সাথিরা জাকির জেসি, ডলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা মিশু। পুরুষদের মধ্যে রয়েছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভির আহমেদ ও মাহবুব আলি খান সুমন।

এই আটজনের মধ্যে এবার শ্রীলঙ্কার ওয়ার্কশপে অংশ নিচ্ছেন সাতজন। কেবল গাজী সোহেল ব্যস্ত থাকায় যেতে পারেননি, তিনি বর্তমানে জার্সিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে খেলা পরিচালনা করছেন।

ওয়ার্কশপ শেষে আগামী বুধবার দেশে ফিরবেন জেসি-মুকুলরা। ঢাকায় পৌঁছেই সিলেটে যাবেন তারা। সেখানেই অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডস সিরিজ, যেখানে মাঠে দায়িত্ব নেবেন জেসি ও মুকুল।