ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউরোপে মাদক পাচারের নতুন হটস্পট ইসরায়েল! কোটি কোটি টাকার অবৈধ ব্যবসায় জড়াচ্ছে বেকার যুবক ও সাবেক সেনারা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

ইউরোপে মাদক পাচারের নতুন হটস্পট ইসরায়েল! কোটি কোটি টাকার অবৈধ ব্যবসায় জড়াচ্ছে বেকার যুবক ও সাবেক সেনারা

ইসরায়েল এখন ইউরোপে মাদক পাচারের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে উঠে এসেছে। ইসরায়েলের জনপ্রিয় টিভি চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে মাদকের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল থেকে বিভিন্ন ইউরোপীয় দেশে পাচারের প্রবণতাও ভয়াবহভাবে বেড়েছে।

কীভাবে চলছে এই নেটওয়ার্ক?
অধিকৃত অঞ্চলে সক্রিয় চক্রগুলো প্রতি বছর লক্ষ লক্ষ শেকেল আয় করছে এই অবৈধ ব্যবসা থেকে। এর জন্য তারা টার্গেট করছে অনভিজ্ঞ তরুণ, বেকার যুবক এবং অবসরে যাওয়া ইসরায়েলি সেনাদের। চোরাকারবারীরা তাদের প্রলুব্ধ করছে বিদেশ ভ্রমণ, বিলাসবহুল হোটেলে থাকার সুযোগ এবং প্রতিটি যাত্রায় কয়েক হাজার শেকেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু এই লোভনীয় প্রস্তাবের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ ঝুঁকি—বিদেশে ধরা পড়লে দীর্ঘ কারাদণ্ডই তাদের নিয়তি। অথচ আসল লাভ গচ্ছিত থাকে চক্রের প্রধানদের হাতে।

চোরাকারবারির স্বীকারোক্তি
দক্ষিণ ইসরায়েলের শেফেলাহ এলাকার এক পেশাদার পাচারকারী জানিয়েছেন, গত কয়েক মাসে তিনি ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, চেক প্রজাতন্ত্র ও ডেনমার্কে শত শত কেজি মাদক পৌঁছে দিয়েছেন। প্রতিটি অভিযানে তাকে দেওয়া হয়েছে প্রায় ৮,০০০ শেকেল, সঙ্গে বিমান ভাড়া, হোটেল খরচ আর কয়েকশ ইউরো।

ধরা পড়ছে অনেকেই
চ্যানেল ১২-এর তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে মাদক পাচারের অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলি গ্রেপ্তার হয়েছেন। যেমন—ড্যানিয়েল ওকাকে তুরস্কে ধরা পড়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আবার ২০২৩ সালের মার্চে চিন আল-কাইমকে ফ্রান্সে কয়েক কেজি মাদক পাচারের চেষ্টার সময় আটক করা হয়।

‘ওষুধ পাচার’ নতুন ট্রেন্ড
শুধু মাদক নয়, ইউরোপে ইথিওপিয়ান ওষুধের চাহিদা এখন রেকর্ড উচ্চতায়। বর্তমানে অন্তত পাঁচটি বড় ব্যবসায়ী চক্র ইসরায়েলের অধিকৃত অঞ্চলে সক্রিয়, যারা ইথিওপিয়া থেকে ওষুধ কিনে এনে ইউরোপে পাচার করছে। স্থানীয় কৃষকরা কম দামে এই উপাদান বিক্রি করলেও ইউরোপে এর দাম দাঁড়াচ্ছে কেজি প্রতি প্রায় ২০০ ইউরো। এখান থেকেও বছরে কোটি কোটি শেকেল মুনাফা করছে ইসরায়েলি ব্যবসায়ীরা।

এই ব্যবসায় যুক্ত চক্রগুলো ডজন ডজন কুরিয়ার নিয়োগ করে, যাদের প্রত্যেককে প্রতি যাত্রায় দেওয়া হয় ৫,০০০ থেকে ৯,০০০ শেকেল। আর যারা ইউরোপীয় পাসপোর্টধারী, তারা পায় অতিরিক্ত বোনাসও।