ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৮৯৯ সেনার মৃত্যু, গাজার যুদ্ধে বিপাকে পড়ছে ইসরায়েলি বাহিনী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

৮৯৯ সেনার মৃত্যু, গাজার যুদ্ধে বিপাকে পড়ছে ইসরায়েলি বাহিনী

গাজায় হামাসবিরোধী অভিযানের মাঝেই চরম বিপত্তি ঘটল ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ-এর এক ইউনিটে। নিজেদেরই বিস্ফোরণের আঘাতে প্রাণ হারালেন প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি গার্লিক।
শনিবার আইডিএফ জানায়, দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় বিশেষ অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে। কফির ব্রিগেডের শিমশোন ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন ওরি। সেনারা জানিয়েছে, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।

এ নিয়ে গাজার যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা আরও বেড়ে গেল। এর আগে গত মাসেই একই এলাকায় ভয়াবহ ঘটনা ঘটে। হামাস যোদ্ধাদের হামলার মুখে একটি সাঁজোয়া যানে আগুন ধরে যায়। এতে ক্যাপ্টেন আমির সাদ ও সার্জেন্ট ইনন নুরিয়েল নিহত হন। পরে হামাস আরও একটি সাঁজোয়া যান টার্গেট করার চেষ্টা করে।

আইডিএফের সর্বশেষ হিসাব অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে কেবল স্থল অভিযানে মারা গেছেন ৪৫৪ জন। আহত হয়েছেন ৬ হাজার ২০৪ জন সেনা। এদের মধ্যে ২ হাজার ৮৭৬ জন আহত হয়েছেন স্থল অভিযানে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৬৬ জন, যার মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।
আইডিএফ আরও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুধু দুর্ঘটনায় মারা গেছেন ৭৪ সেনা।

অন্যদিকে, এই সপ্তাহের শুরুতে খান ইউনুসেই আরও এক ভয়াবহ সংঘর্ষের খবর দিয়েছে সেনাবাহিনী। মাগেন ওজ করিডরের কাছে ইসরায়েলি একটি ঘাঁটিতে হামলার চেষ্টা চালায় ১৫ জন ফিলিস্তিনি যোদ্ধা। তারা হঠাৎ করেই একটি টানেল থেকে বেরিয়ে এসে সেনাদের ওপর হামলা চালায়। এতে তিন ইসরায়েলি সেনা আহত হন। প্রায় পাঁচ থেকে দশ মিনিট স্থায়ী ওই সংঘর্ষে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করে আইডিএফ।