ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৬৮৮ দিন ধরে বন্দি প্রিয়জন—ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে স্বজনদের হাহাকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

৬৮৮ দিন ধরে বন্দি প্রিয়জন—ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে স্বজনদের হাহাকার

গাজায় এখনও বন্দি অবস্থায় থাকা জিম্মিদের দ্রুত মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন স্বজনরা। রোববার সকালে তারা অবস্থান নেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রী অ্যাভি দিখতারের সরকারি বাসভবনের সামনে।

ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জিম্মিদের স্বজনরা দাবি করছেন—সরকার কেবল যুদ্ধ চালাচ্ছে, কিন্তু তাদের প্রিয়জনদের মুক্ত করতে ব্যর্থ হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজের বাসভবনের সামনে অবস্থান নেওয়া ইয়েহুদা কোহেন বলেন, “আমার ছেলে নিমরোদ কোহেন—যে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিয়েছিল দেশের নিরাপত্তার জন্য—গত ৬৮৮ দিন ধরে গাজার অন্ধকার টানেলে বন্দি অবস্থায় আছে। আমি মন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, তিনি প্রতিরক্ষামন্ত্রী, যুদ্ধমন্ত্রী নন।

অন্যদিকে কৃষিমন্ত্রী দিখতারের বাসভবনের সামনে দাঁড়ানো মিশাল লেভি জানান, তার ভগ্নিপতি ওমারি মিরানও সেই দিন থেকেই বন্দি আছেন। “আমার ভগ্নিপতি ৬৮৮ দিন ধরে জিম্মি অবস্থায়। সরকার কি জানে আমরা কীভাবে আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি? দায়িত্ববোধ কোথায় গেল তাদের?”— প্রশ্ন রাখেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রক হামাস ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে নিহত হন প্রায় ১ হাজার ২০০ জন, আর জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয় ২৫১ জনকে।
ঘটনার পরপরই আইডিএফ গাজায় ব্যাপক অভিযান শুরু করে। ইসরায়েলি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬২ হাজার ২৫৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা।

কিন্তু এত রক্তক্ষয় ও ধ্বংসের পরও জিম্মিদের পুরোপুরি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। ধারণা করা হচ্ছে, এখনও হামাসের হাতে অন্তত ১৫ থেকে ২০ জন ইসরায়েলি বন্দি অবস্থায় রয়েছেন।