ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজা সিটির ভেতরে ঢুকল ইসরায়েলি ট্যাংক—শুরু হতে যাচ্ছে বড় হামলা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

গাজা সিটির ভেতরে ঢুকল ইসরায়েলি ট্যাংক—শুরু হতে যাচ্ছে বড় হামলা!

গাজা উপত্যকায় আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইতোমধ্যেই গাজার ভেতরে অগ্রসর হয়ে সিটি এলাকার দিকে এগোচ্ছে ইসরায়েলি ট্যাংক। লক্ষ্য—গাজা সিটি দখল করা এবং প্রায় ১০ লাখ বাসিন্দাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা।
শনিবার ২৩ আগস্ট আল জাজিরা আরবি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, গাজার সাবরা এলাকায় অবস্থান করছে ইসরায়েলি ট্যাংক। এলাকা গাজা সিটির মধ্যাঞ্চলে, জাইতুন এলাকার কাছাকাছি। গত কয়েক সপ্তাহ ধরে এখানে ঘাঁটি গেড়ে আছে সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটিতে পূর্ণাঙ্গ হামলার আগে ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে কয়েক হাজার সেনা আগামী ২ সেপ্টেম্বর যোগ দেবে। এরপরের সপ্তাহেই গাজা সিটিতে বড় ধরনের আক্রমণ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে গাজার বিভিন্ন স্থানে চলমান হামলায় আরও অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন একদিনে। আল জাজিরা জানায়, ইসরায়েলি বিমান হামলায় খান ইউনুস, দেইর আল-বালাহ এবং গাজা সিটির ঘরবাড়ি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেঁচে যাওয়া অনেকে আবারও বাস্তুচ্যুত হয়েছেন, রাস্তায় ছুটছে আতঙ্কিত শিশু ও বয়স্করা। ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গেছে শহরের আকাশ।

গাজার উত্তরাংশে সাংবাদিক খালেদ আল-মাদহুন ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। চলমান এই সংঘাতে এ পর্যন্ত অন্তত ২৭০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।