এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে কাঁপছে ইসরায়েল। হুথি বিদ্রোহীদের সর্বশেষ হামলায় তেল আবিবের নিরাপত্তা ব্যবস্থাই নড়ে উঠেছে। হাজার কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গিয়ে আঘাত করেছে রাজধানীর কাছে—কিন্তু ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারেনি।
শনিবার ২৪ আগস্ট ইয়েনেট নিউজ জানিয়েছে, ইয়েমেনের এই হামলার পর ইসরায়েলের বিমানবাহিনী নতুন তদন্ত শুরু করেছে। তারা খুঁজে বের করার চেষ্টা করছে, হুথিরা কি একেবারেই নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে? সন্দেহ হচ্ছে, এটি হয়তো ক্লাস্টার মিউনিশন। কারণ, এক ভিডিওতে দেখা গেছে—আকাশে বিস্ফোরণের পর ক্ষেপণাস্ত্রটি ভেঙে একাধিক টুকরায় ভাগ হয়ে যায় এবং আলাদা আলাদা জায়গায় গিয়ে আঘাত হানে।
ইয়েমেনি সেনারা দাবি করেছে, শুক্রবার তারা ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, শহরের একটি সামরিক স্থাপনা এবং দক্ষিণে আশকেলনের একটি লক্ষ্যবস্তু। তারা ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে ‘প্যালেস্টাইন-২’। হুথিদের দাবি, এটি হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্ট—অর্থাৎ ভয়াবহ গতি আর বিধ্বংসী ক্ষমতার এক অস্ত্র।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেন নিয়মিত হামলা চালাচ্ছে। শুধু আকাশপথ নয়, নৌপথেও তারা অবরোধ জারি করেছে। লোহিত সাগর হয়ে যাওয়া ইসরায়েলগামী জাহাজে বারবার হামলা চালানো হচ্ছে।
এমনকি আগস্টের শুরুতেই ইয়েমেন সফলভাবে পরীক্ষা চালায় ‘সায়্যাদ’ নামের একটি নৌ ক্রুজ মিসাইলের। এ অস্ত্র রাডারকে ফাঁকি দিতে পারে, আর এর ওয়ারহেডের ধ্বংসক্ষমতাও বিশাল।
ইয়েমেনি সেনারা স্পষ্ট বার্তা দিয়েছে—গাজায় যতদিন ইসরায়েল যুদ্ধ আর অবরোধ চালিয়ে যাবে, ততদিন ইয়েমেন থেকেও হামলা থামবে না।