ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আল-জালা স্ট্রিটে শিশু নিহত, ইসরায়েলের নতুন হামলায় কাঁপছে গাজা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

আল-জালা স্ট্রিটে শিশু নিহত, ইসরায়েলের নতুন হামলায় কাঁপছে গাজা

আন্তর্জাতিক চাপ আর যুদ্ধবিরতির আবেদন উপেক্ষা করেই গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ হামলায় অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ৬ আগস্ট থেকে ইসরায়েল গাজা সিটিতে হামলা শুরু করার পর থেকে জেইতুন ও সাবরা এলাকায় ১,০০০’রও বেশি ভবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন শত শত মানুষ।

রোববার দেওয়া এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, অব্যাহত গোলাবর্ষণ ও প্রবেশপথ বন্ধ করে দেওয়ার কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। জরুরি কর্মীরা নিখোঁজ বহু মানুষের খবর পাচ্ছেন, কিন্তু প্রচণ্ড হামলার কারণে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে হাসপাতালগুলোও হামলার পর পর আসা হতাহতদের চাপে ভেঙে পড়ছে।

সংস্থাটি আরও বলেছে, গাজা শহরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ নিয়ে এখন গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। মাঠ পর্যায়ের কর্মীদের হাতে এত ভয়াবহ পরিস্থিতি মোকাবেলার মতো কোনো সক্ষমতা নেই।

“গাজার উত্তর হোক বা দক্ষিণ—কোথাও কোনো নিরাপদ এলাকা নেই,” বলছে সিভিল ডিফেন্স। “বেসামরিক মানুষরা তাদের ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র কিংবা বাস্তুচ্যুত শিবির—কোথাও নিরাপদ নয়। প্রতিটি জায়গাতেই ইসরায়েলের গোলাবর্ষণ চলছে।
একইসঙ্গে সাবরা পাড়ায় ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করায় প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনি দক্ষিণ দিকে পালাতে বাধ্য হয়েছেন। পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইসরায়েল রাফাহতে যেমন করেছিল, এবার গাজা সিটিকেও পুরোপুরি ধ্বংস করতে চাইছে। মানবাধিকারকর্মীদের অভিযোগ—এটি গাজা থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণ উচ্ছেদের পরিকল্পনার অংশ হতে পারে।
সবশেষ হামলায় আল-জালা স্ট্রিটের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে অন্তত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।