ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপের আগেই ঝড়! অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল ফুটবল দল, কোরিয়া-জাপানকে ঘায়েল করতেই প্রস্তুতি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৫, ০৩:০৮ পিএম

বিশ্বকাপের আগেই ঝড়! অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল ফুটবল দল, কোরিয়া-জাপানকে ঘায়েল করতেই প্রস্তুতি

অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে আসছে ব্রাজিল ফুটবল দল। দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই সফরের সূচি চূড়ান্ত করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে সিবিএফ জানায়, আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি।

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। ইতিমধ্যেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাকা করে ফেলা ব্রাজিল আগামী মাসে বাছাইপর্বে তাদের শেষ দুটি ম্যাচ খেলবে। সেগুলো হবে চিলি ও বলিভিয়ার বিরুদ্ধে।

সিবিএফের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আগে ভিন্ন ধাঁচের দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে চায় আনচেলত্তির দল। কোরিয়া ও জাপানের পরে, নভেম্বরে আফ্রিকার দল এবং আগামী বছর মার্চ ও জুন মাসে ইউরোপের টপ-লেভেলের দলগুলোর বিরুদ্ধেও প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের।

কোচ আনচেলত্তি আশা করছেন, বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো থেকে দলের খেলোয়াড়দের বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব সম্পর্কে তিনি ভালোভাবে বুঝতে পারবেন। ৬৬ বছর বয়সী এই ইতালীয় কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেন।

এর আগে, ২০২২ কাতার বিশ্বকাপের আগেও এই একই দুই দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেই বছর জুন মাসে হওয়া ম্যাচ দুটিতে তারা দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং জাপানকে ১-০ গোলে হারিয়েছিল।