ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাশিয়ার তেল কেনার ‘শাস্তি’! ভারতীয় পণ্যে রেকর্ড শুল্ক চাপালো আমেরিকা, কী বললেন মোদী?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

রাশিয়ার তেল কেনার ‘শাস্তি’! ভারতীয় পণ্যে রেকর্ড শুল্ক চাপালো আমেরিকা, কী বললেন মোদী?

মার্কিন প্রশাসন সরাসরি আঘাত হানল ভারতের অর্থনীতিতে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে— রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসাবে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। আর এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা ৩১ মিনিট থেকে। এর ফলে ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা।

এটাই ট্রাম্প প্রশাসনের কোনো দেশের ওপর বসানো সর্বোচ্চ শুল্ক। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানায়, রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতেই এমন কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। ফলে ভারতীয় রপ্তানিকারকদের ওপর বড় ধাক্কা আসতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে সোমবার গুজরাটে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “যত চাপই আসুক, আমরা আরও শক্তিশালী হয়ে তা মোকাবিলা করব। আমার সরকার কোনোভাবেই ছোট ব্যবসায়ী, কৃষক বা পশুপালকদের ক্ষতি হতে দেবে না।”

মোদী আরও বলেন, “আজ বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থের রাজনীতি চলছে। সবাই শুধু নিজের দিকটাই দেখছে। কিন্তু আমরা সবদিক বিবেচনা করে কাজ করছি। গান্ধীর ভূমি আহমেদাবাদ থেকে আমি দেশবাসীকে আশ্বস্ত করছি— ছোট ব্যবসায়ী, দোকানদার, কৃষক ও পশুপালকরাই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”

এই পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন শুল্কের প্রভাব এবং রপ্তানিকারকদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।