ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ট্রাম্পের ৫০% শুল্কে ভারতীয় রপ্তানিতে মারাত্মক ধাক্কা! সুযোগে এগিয়ে আসছে বাংলাদেশ ও পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

ট্রাম্পের ৫০% শুল্কে ভারতীয় রপ্তানিতে মারাত্মক ধাক্কা! সুযোগে এগিয়ে আসছে বাংলাদেশ ও পাকিস্তান

যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হতে চলেছে ২৭ আগস্ট থেকে। ফলে ভারতের অ্যাপারেল, বস্ত্র, সোনা, চিংড়ি, কার্পেট এবং আসবাবপত্রের রপ্তানি মার্কিন বাজারে অলাভজনক হয়ে পড়বে। বিশেষ করে কম দক্ষ শ্রমিকদের চাকরি ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়া এই সুযোগে মার্কিন বাজারে নিজের অবস্থান শক্ত করতে পারে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানিয়েছে, নতুন শুল্ক কার্যকর হলে ২০২৬ অর্থবছরে ভারতের মার্কিন রপ্তানি গত অর্থবছরের ৮৭ বিলিয়ন ডলার থেকে মাত্র ৪৯.৬ বিলিয়ন ডলারে নামতে পারে। তবে ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিকস ও পেট্রোলিয়ামের মতো কিছু পণ্য শুল্কমুক্ত থাকবে।

শুল্কের ৫০ শতাংশের মধ্যে প্রথম ২৫ শতাংশ জুলাইতে ঘোষণা করা হয়েছিল, বাকি ২৫ শতাংশ আগস্টের শুরুতে। মস্কো থেকে তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ‘শাস্তি’ হিসেবে এই অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা কয়েকটি দেশের মধ্যে একটি। কিন্তু চীন, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে। শুল্কের ফলে পোশাক ও বস্ত্র, রত্ন ও গহনা, চিংড়ি, যন্ত্রাংশ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, জৈব রাসায়নিক, কৃষি ও প্রক্রিয়াজাত খাবার, চামড়া ও জুতো, হস্তশিল্প, আসবাবপত্র এবং কার্পেট শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

মার্কিন বাজারের ওপর নির্ভরশীল চিংড়ি রপ্তানিকারকরা আয়ের ৪৮ শতাংশ হারাতে পারেন। এতে সামুদ্রিক খাদ্য খাতও প্রভাবিত হবে। জিটিআরআই অনুমান করছে, ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে এসব খাতের রপ্তানি প্রায় ৭০ শতাংশ কমে ১৮.৬ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। ফলে মার্কিন বাজারে ভারতের সামগ্রিক রপ্তানি ৪৩ শতাংশ কমতে পারে এবং লাখ লাখ চাকরি ঝুঁকির মুখে পড়বে।