ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

“এমন শুল্ক চাপাব যে মাথা ঘুরে যাবে” – ভারত-পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

“এমন শুল্ক চাপাব যে মাথা ঘুরে যাবে” – ভারত-পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন: আবারও বড়সড় দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে নাকি তিনি নিজেই হস্তক্ষেপ করেছিলেন এবং শুল্ক ও বাণিজ্য চাপে বাধ্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুদ্ধবিরতিতে রাজি করাতে।

ট্রাম্পের ভাষায়, “আমি এক অসাধারণ মানুষ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলছিলাম। আমি বললাম, তোমাদের আর পাকিস্তানের মধ্যে কী হচ্ছে? ঘৃণা ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছিল।”

তবে ভারতের দাবি সম্পূর্ণ ভিন্ন। নয়াদিল্লি জানায়, পাকিস্তানের সঙ্গে অস্ত্রবিরতির সমঝোতা হয়েছিল দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-এর সরাসরি বৈঠকের মাধ্যমে, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই।

ট্রাম্প জানান, শতাব্দীর পর শতাব্দী ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে নানা নামে সংঘাত চলছে। আর সেটি থামাতেই তিনি নাকি মোদিকে হুমকি দিয়েছিলেন উচ্চ শুল্কের।
“আমি বলেছিলাম, কোনো বাণিজ্য চুক্তি করব না। তোমরা যদি যুদ্ধ চালিয়ে যাও, আমরা এমন শুল্ক চাপাব যে মাথা ঘুরে যাবে। এরপর বললাম, কাল আমাকে ফোন দাও। কিন্তু কোনো ডিল হবে না, যতক্ষণ না যুদ্ধ থামে।”

তার দাবি, মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি হয়ে গিয়েছিল। যদিও তিনি আরও বলেন, “এখন হয়তো আবার শুরু হতে পারে, তবে আমি হলে সেটা থামিয়ে দিতাম।”

এটাই প্রথম নয়। মে মাসে সংঘাতের পর থেকে ট্রাম্প ৪০ বারেরও বেশি বলেছেন যে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। এমনকি সোমবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমকে তিনি জানান, বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ তিনি থামিয়েছেন, যার মধ্যে চারটিতেই শুল্ক ও বাণিজ্যকে হাতিয়ার করেছিলেন।

ট্রাম্পের ভাষায়, “আমি বলেছিলাম, যদি যুদ্ধ করো, সবাইকে মারতে চাও, সেটা তোমাদের ব্যাপার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে তোমাদের ১০০ শতাংশ শুল্ক দিতে হবে। তখন সবাই পিছিয়ে আসত।”

তিনি আরও দাবি করেন, ভারত ও পাকিস্তানের যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকেই যাচ্ছিল। “ওরা ইতিমধ্যে সাতটা জেট ভূপাতিত করেছিল। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। আমি বলেছিলাম, ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামাও, নয়তো বাণিজ্য বন্ধ। এরপর তারা বলল—যুদ্ধ নেই। আমি বহুবার এই কৌশল ব্যবহার করেছি।”

তবে ভারত সরাসরি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে পরিষ্কারভাবে বলেছেন, কোনো বিদেশি নেতা ভারতকে সামরিক অভিযান থামাতে বলেননি।