এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল অন্তত ২০ জনের। নিহতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পাঁচজন সাংবাদিকও। এ ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে সরব হলো ইউরোপের দুই প্রভাবশালী দেশ—ফ্রান্স ও জার্মানি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই হামলাকে সরাসরি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।
অন্যদিকে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়—সাংবাদিক, জরুরি সেবাকর্মী এবং সাধারণ মানুষের মৃত্যুতে তারা “স্তম্ভিত ও মর্মাহত”। জার্মানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই হামলার স্বাধীন তদন্ত জরুরি এবং গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশের সুযোগ দিতে হবে।
দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে সোমবার (২৫ আগস্ট) চালানো এ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আলজাজিরা ও আরও কয়েকটি গণমাধ্যমের পাঁচ সাংবাদিকও ছিলেন।
শুধু এই হামলাতেই নয়, যুদ্ধ শুরুর পর থেকে মোট ২৪৫ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন ৬২ হাজার ৬৮৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ৫৭ হাজার ৯৫১ জন।