এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, লেবানন যদি হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তবে ইসরায়েল ধাপে ধাপে তাদের সেনা প্রত্যাহার করবে। সোমবার দেওয়া এ বার্তায় তিনি বলেন, লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত ইসরায়েল।
গত বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্ত উত্তপ্ত। ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের পর দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে লেবানন সরকার। তারা হিজবুল্লাহর ঘাঁটি ও অবকাঠামো ধ্বংসের কাজ চালাচ্ছে। এ মাসের শুরুতে দেশটির মন্ত্রিসভা সেনাবাহিনীকে চলতি বছরের শেষ নাগাদ নিরস্ত্রকরণের কাজ শেষ করার দায়িত্ব দিয়েছে।
তবে যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েল। সীমান্তে হামলা চালিয়ে তারা বলছে—হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত অভিযান চলবে। বর্তমানে ওই অঞ্চলের পাঁচটি কৌশলগত এলাকা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি সেনারা।
নেতানিয়াহু বলেন, “হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবানন চাইলে ইসরায়েল সহযোগিতা করতে প্রস্তুত। নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য আমাদের একসাথে কাজ করা জরুরি।” তিনি লেবানন সরকারের পদক্ষেপকেও “গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর থেকেই লেবাননে অস্ত্র হাতে রেখেছে হিজবুল্লাহ। যদিও সাম্প্রতিক সংঘর্ষে তাদের শক্তি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও এ মাসের শুরুতে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম স্পষ্ট জানিয়ে দেন—সরকারের নিরস্ত্রকরণের পরিকল্পনা তারা প্রতিরোধ করবে।