ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরাইলের জাতিসংঘ সদস্যপদ বাতিলের পথে! বড় পদক্ষেপ নিচ্ছে ওআইসি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ইসরাইলের জাতিসংঘ সদস্যপদ বাতিলের পথে! বড় পদক্ষেপ নিচ্ছে ওআইসি

ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করতে উদ্যোগী হয়েছে। সম্প্রতি সংগঠনটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। খবর মেহের বার্তা সংস্থার।

ওআইসি’র ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে— “জাতিসংঘের প্রস্তাবনা ধারাবাহিকভাবে অমান্য এবং সদস্যপদের শর্ত ভঙ্গ করার কারণে ইসরাইলের জাতিসংঘ সদস্যপদ নতুন করে খতিয়ে দেখা উচিত। ওআইসি সদস্য রাষ্ট্রগুলো এ বিষয়ে সমন্বিত প্রচেষ্টা চালাবে।”

ঘোষণায় আরও বলা হয়, গাজায় শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ইসরাইল যে একের পর এক প্রত্যাখ্যান করেছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবমাননা। প্রায় দুই বছর ধরে যুদ্ধ চললেও তারা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব মানেনি।
পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ ইসরাইলকে চলমান যুদ্ধ ও অবরোধের জন্য সরাসরি দায়ী করেছে। এতে মানবিক বিপর্যয় ভয়াবহ আকার নিয়েছে, বন্দি ও জিম্মিদের আটক অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষ ন্যূনতম মানবিক সহায়তা থেকেও বঞ্চিত।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের ভয়াবহ সামরিক অভিযান চলছে। এতে এখন পর্যন্ত ৬২ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজা উপত্যকা দুর্ভিক্ষ ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এছাড়া, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও বিচারাধীন।