ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুদ্ধাপরাধের অভিযোগে মামলার মুখে ইসরায়েল, এবার হাসপাতালে হামলায় ক্ষোভে ট্রাম্প


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

যুদ্ধাপরাধের অভিযোগে মামলার মুখে ইসরায়েল, এবার হাসপাতালে হামলায় ক্ষোভে ট্রাম্প

গাজার নাসের হাসপাতালে ভয়াবহ বিমান হামলায় সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়টার্স, আলজাজিরা, আনাদোলু সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পাঁচজন সাংবাদিকও আছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এতে খুশি নই। আমি এটি দেখতে চাই না। আমাদের এই দুঃস্বপ্নের শেষ করতে হবে।

যদিও শুরুতে মনে হয়েছিল ট্রাম্প বিষয়টি সম্পর্কে অবগত নন। সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি সংক্ষেপে প্রতিক্রিয়া জানান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনারা হাসপাতালের একটি ভবনের চতুর্থ তলায় পরপর দুটি বিমান হামলা চালায়। প্রথম হামলার পর আহতদের উদ্ধার করতে এগিয়ে এলে দ্বিতীয় হামলা হয়। এতে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়। নিহতদের মধ্যে রয়েছেন রোগী, স্বাস্থ্যকর্মী, বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং সংবাদকর্মী।

ফিলিস্তিনি টেলিভিশন জানিয়েছে, নিহতদের একজন তাদের ক্যামেরাপার্সন হুসাম আল-মাসরি। আলজাজিরা নিশ্চিত করেছে, তাদের ফটোগ্রাফার মোহাম্মদ সালামাও প্রাণ হারিয়েছেন। এছাড়া তুরস্কের আনাদোলু জানিয়েছে, তাদের ফটোসাংবাদিক মরিয়ম আবু দাগ্গা ও মোয়াজ আবু তাহা নিহত হয়েছেন। মেডিকেল সূত্রে জানা গেছে, তিউনিসিয়া ও মরক্কোর ফ্রিল্যান্স সাংবাদিক আহমেদ আবু আজিজও নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে। প্রায় দুই বছরের এই অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকায় চলছে ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়।
এদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসাথে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।