এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
আপনার ঘরে ঘুরে বেড়ানো তেলাপোকাটা কি আসলেই সাধারণ তেলাপোকা, নাকি আসলে গুপ্তচর? এখন থেকে এ প্রশ্ন করতেই হবে। কারণ জার্মানি তৈরি করেছে এমন এক ভয়ংকর প্রযুক্তি—সাইবার তেলাপোকা।
জীবন্ত তেলাপোকার শরীরের সঙ্গে যুক্ত করা হয়েছে কৃত্রিম প্রযুক্তি। তাদের পিঠে বসানো হয়েছে ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর। এর মাধ্যমে শত্রু পক্ষের ঘাঁটি বা অবস্থার ভিডিও সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে যাবে। যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহে এটি হয়ে উঠতে পারে গেমচেঞ্জার।
এই অভিনব বায়োরোবট তৈরি করছে জার্মানির স্টার্টআপ সোয়ার্ম বায়োট্যাকটিক্স। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টেফান উইলহেন জানিয়েছেন, এরা শত্রু-নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে রিয়েল-টাইমে নজরদারি চালাতে পারবে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, নিরাপত্তা বাহিনী, দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমেও এই সাইবার তেলাপোকার ব্যবহার হবে গুরুত্বপূর্ণ।
বিশেষ বৈশিষ্ট্য হলো—বিদ্যুৎ সংকেতের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি প্রতিকূল পরিবেশেও সঠিক তথ্য জোগাড় করতে পারবে। আরও বড় ব্যাপার হলো, এগুলো শুধু আলাদাভাবে নয়, দলবেঁধেও কাজ করতে সক্ষম।
জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন আনছে। এবার শুধু অস্ত্র কেনা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্ষুদ্র রোবট ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা জোরদার করছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, এই সাইবার তেলাপোকা আধুনিক যুদ্ধের ধারা পুরো বদলে দিতে পারে।
অর্থনৈতিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। রয়টার্স জানিয়েছে, উচ্চ জ্বালানি মূল্য, রপ্তানি কমে যাওয়া আর চীনের সঙ্গে প্রতিযোগিতার কারণে জার্মানির অর্থনীতি টানা দুই বছর ধরে সংকুচিত। তাই প্রতিরক্ষা গবেষণা ও সামরিক প্রযুক্তিতে বিনিয়োগ জার্মান অর্থনীতিকে নতুন গতি দিতে পারে।