এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
গাজার শিশুদের শিক্ষা কার্যত ভেঙে পড়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ৯০ শতাংশ স্কুল ইসরাইলি গোলাবর্ষণে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ ১০টি স্কুলের মধ্যে ৯টিই আর ব্যবহারযোগ্য নেই। এর মধ্যে ইউএনআরডব্লিউএ-এর নিজস্ব স্কুলও রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এসব স্কুল পুনর্নির্মাণ না করলে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।
এর আগে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত ৫০০টিরও বেশি স্কুলে বোমা হামলা চালানো হয়েছে। এর বেশিরভাগ স্কুলেই তখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
এইচআরডব্লিউ-এর দাবি, এসব হামলায় শত শত সাধারণ মানুষ নিহত হয়েছেন। আরও ভয়াবহ তথ্য হলো—এই আক্রমণগুলোতে যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদ ব্যবহার করেছে ইসরাইল।
সংস্থাটি স্পষ্ট করে বলেছে, গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলগুলোর ওপর ইসরাইলের হামলা ছিল ‘বেআইনি আক্রমণ’।