ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরান নিয়ে ইউরোপের বৈঠক: ফিরছে কি ভয়ঙ্কর নিষেধাজ্ঞা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ইরান নিয়ে ইউরোপের বৈঠক: ফিরছে কি ভয়ঙ্কর নিষেধাজ্ঞা

ইরানকে ঘিরে ফের টান টান উত্তেজনা। ইউরোপের তিন শক্তিধর দেশ—ফ্রান্স, ব্রিটেন আর জার্মানির শীর্ষ কর্মকর্তারা বসছেন তেহরানের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) সুইজারল্যান্ডের জেনেভায় বসবে এ বৈঠক।

পশ্চিমাদের দাবি সোজা—ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না কমায় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তির আওতায় প্রত্যাহার করা নিষেধাজ্ঞা আবারও চাপানো হবে। খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

ফ্রান্স, ব্রিটেন আর জার্মানিকে একসঙ্গে বলা হয় ‘ই-থ্রি’ (E3)। অনেক দিন ধরেই তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করার হুমকি দিচ্ছে, যার মানে হলো পুরোনো নিষেধাজ্ঞা হঠাৎ করেই আবার ফিরে আসতে পারে।

২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক জেসিপিওএ (JCPOA) পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। এ বছরের ১৮ অক্টোবর চুক্তির ১০ বছর পূর্ণ হচ্ছে। তবে যদি নবায়ন বা বর্ধিত করা না হয়, তবে চুক্তি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।

এক ই-থ্রি কর্মকর্তা জানিয়েছেন—“আমরা দেখতে চাই ইরান সত্যিই চুক্তি নবায়নে আগ্রহী কিনা। তারা আমাদের শর্ত মানতে কোনো অগ্রগতি করেছে কি না, সেটাই মূল প্রশ্ন। এর আগে গত ২৫ জুলাই তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয় শক্তির মধ্যে আলোচনা হয়েছিল। তবে সাম্প্রতিক বৈঠকগুলো বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ, ই-থ্রি’র ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, আর এতে ক্ষুব্ধ তেহরান।

পশ্চিমাদের শর্তগুলোর মধ্যে রয়েছে—আইএইএ’র পরিদর্শন পুনরায় শুরু করা, কূটনৈতিক আলোচনায় বিশেষ করে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করা, আর ইরানের বিশাল ইউরেনিয়াম মজুতের বিস্তারিত তথ্য দেওয়া। কিন্তু ইরান বারবার সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি হয়নি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা বাধ্য হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। কারণ ইরান দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছিল। তবে তেহরান জোর দিয়ে বলছে—তাদের কোনোভাবেই পারমাণবিক বোমা বানানোর ইচ্ছা নেই।

বর্তমানে ইরান ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে এটি অস্ত্র তৈরির মানদণ্ড ৯০ শতাংশের এক ধাপ নিচেই রয়েছে।