ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অস্ট্রেলিয়ার কড়া পদক্ষেপ: ইরানি রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

অস্ট্রেলিয়ার কড়া পদক্ষেপ: ইরানি রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ!

অস্ট্রেলিয়ায় বড় কূটনৈতিক সংকট। সিডনি ও মেলবোর্নে ইহুদিদের লক্ষ্য করে হওয়া অ্যান্টিসেমিটিক হামলার দায় সরাসরি ইরানের ওপর চাপিয়েছে ক্যানবেরা। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলব্যানিজে বলেছেন, “বিদেশি মাটিতে কোনো দেশের এমন আগ্রাসন অগ্রহণযোগ্য ও বিপজ্জনক।”

অস্ট্রেলিয়ার অভিযোগ—গত বছর লুইস কন্টিনেন্টাল কিচেন (সিডনি) এবং আডাস ইসরায়েল সিনাগগে (মেলবোর্ন) হামলার পেছনে ইরান সরকারের নির্দেশ ছিল। সৌভাগ্যক্রমে ওই হামলায় কেউ হতাহত হননি।

ASIO (অস্ট্রেলিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা)-এর প্রধান মাইক বার্গেস জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান আরও হামলায় জড়িত থাকতে পারে। তার দাবি—তেহরান হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি লুকাতে চেয়েছিল, কিন্তু অনুসন্ধানে তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদেঘি ও আরও তিনজন কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ইরান এখনো এসব অভিযোগে কোনো মন্তব্য করেনি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো। তিনি জানান, কর্মীদের নিরাপত্তার কারণে তেহরানে দেশটির দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ানদের ইরানে ভ্রমণ এড়িয়ে চলতে এবং যারা এখনো সেখানে আছেন, তাদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আলব্যানিজে আরও ঘোষণা দিয়েছেন, শিগগিরই তার সরকার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) কে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে।