এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA) আগামী ৩ সেপ্টেম্বর বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে নতুন প্রজন্মের একটি মাঝারি ওজনের ট্যাঙ্ক উন্মোচন করতে যাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা এবং ভবিষ্যতের ড্রোন-প্রধান যুদ্ধক্ষেত্রের বাস্তবতাকে সামনে রেখে এই ট্যাঙ্কটি তৈরি করা হয়েছে।
সম্প্রতি বেইজিংয়ের রাস্তায় মহড়ার সময় ট্যাঙ্কটির ঝলক ধরা পড়েছে। এটি PLA'র বর্তমান প্রধান যুদ্ধট্যাঙ্ক টাইপ-৯৯এ’র তুলনায় হালকা, এবং এতে রয়েছে উন্নত জিএল৬ অ্যাকটিভ প্রোটেকশন সিস্টেম ও ৩৬০-ডিগ্রি হুমকি শনাক্তকারী রাডার।
বিশ্লেষক ফু কিয়ানশাওর মতে, এই সিস্টেম শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে সক্ষম। ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় বিপুল সংখ্যক রুশ ট্যাঙ্ক ধ্বংস হওয়ার অভিজ্ঞতা চীনকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
নতুন চীনা ট্যাঙ্কে ব্যবহৃত হয়েছে ১০৫ মিমি কামান, যেখানে টাইপ-৯৯এ-তে ১২৫ মিমি কামান। ধারণা করা হচ্ছে, এর ওজন মাত্র ৩৫–৪০ টন, যা যুক্তরাষ্ট্রের এম১এ২ অ্যাব্রামস বা জার্মান লেপার্ড-২’র তুলনায় অনেক হালকা।
ফু কিয়ানশাও জানান, হালকা নকশার কারণে এই ট্যাঙ্ক পাহাড়ি এলাকা, দ্বীপ ও সমুদ্রসৈকতে সহজে ব্যবহারযোগ্য। এছাড়া এটি পরিবহন বিমানে বা অবতরণ জাহাজে দ্রুত মোতায়েন করা সম্ভব।
তিনি আরও বলেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের ভূমিকা শুধু শক্তিশালী কামান বা পুরু বর্মে সীমাবদ্ধ থাকবে না। এগুলো হবে তথ্য-নির্ভর যুদ্ধের অংশ—যেখানে ট্যাঙ্ক নিজেই তথ্য-সংযোগ কেন্দ্র হিসেবে কাজ করবে, সঙ্গে থাকবে ড্রোন নজরদারি ও বুদ্ধিমত্তা সহায়তা।
বিশ্লেষকরা মনে করছেন, PLA’র এই নতুন ট্যাঙ্ক ধীরে ধীরে টাইপ-৯৬ ও টাইপ-৯৯ সিরিজের উৎপাদন বন্ধের পথ তৈরি করতে পারে। ফু কিয়ানশাও বলেন, নতুন প্রজন্মের চীনা ট্যাঙ্ক প্রমাণ করছে যে ভবিষ্যতের স্থলযুদ্ধে টিকে থাকার ক্ষমতা, তথ্যভিত্তিক নেটওয়ার্ক এবং বহুমুখিতা হবে মূল চাহিদা।