এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
ইউক্রেনের লুহানস্ক প্রদেশে এক সপ্তাহে ৪ হাজার ৩৭৮ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই সময় রাশিয়ার সেনারা ধ্বংস করেছে: ৬টি ট্যাঙ্ক যার মধ্যে ৩টি লিওপার্ড, ৫৫টি ফিল্ড আর্টিলারি বন্দুক, ১টি মাল্টিপোল লঞ্চ রকেট সিস্টেম (MLRS), ৪৯টি রেডিও-ইলেকট্রনিক ও কাউন্টার ব্যাটারি ওয়্যারফেয়ার স্টেশন, ৯৩টি গোলাবারুদ, জ্বালানি ও রসদ ডিপো, প্রায় ২৭০টি যুদ্ধযান।
রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, কুপিয়ানস্ক ও স্ভাতোভো-ক্রেমেন্নায়া অঞ্চলে তীব্র সংঘাতের কারণে এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাশিয়ার নিজস্ব ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।
এরই মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের সমাপ্তি টানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। গত মে থেকে তুরস্কের ইস্তাম্বুলে শান্তি সংলাপে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধি। সেই সংলাপের ধারাবাহিকতায় দু’দেশের কয়েক হাজার যুদ্ধবন্দিকেই মুক্তি দেওয়া হয়েছে।
এছাড়া ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে এবং ১৮ আগস্ট জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এসব বৈঠক বেশ সফল হয়েছে।