এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বুধবার ২৭ আগস্ট থেকেই কার্যকর করছে যুক্তরাষ্ট্র। আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিক নির্দেশনাও জারি করল মার্কিন প্রশাসন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নির্দেশিকাটি এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি। তবে এর খসড়া ইতিমধ্যেই মার্কিন সরকারের ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে। নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোন অনুযায়ী ২৭ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে। অর্থাৎ ভারতীয় সময় বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক।
নির্দেশিকায় বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কই এই পদক্ষেপের মূল কারণ। বিশেষ করে রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি করার কারণে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, রাশিয়ার ‘হুমকি’ মোকাবিলা করতে এই শুল্ক আরোপ করা জরুরি হয়ে পড়েছে।
শুল্ক আরোপের সিদ্ধান্তে ভারত একেবারেই রাজি নয়। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা মার্কিন চাপ মানবে না। বরং যুক্তরাষ্ট্রের নিজেদের স্বার্থেই রাশিয়া থেকে নানা ধরনের পণ্য কেনার বিষয়টি মনে করিয়ে দিয়েছে ভারত।
এ অবস্থায় বিকল্প বাজার খুঁজে বের করতে এবং দেশীয় শিল্পকে শক্তিশালী করতে ‘আত্মনির্ভর ভারত’ নীতির ওপর আরও জোর দিচ্ছে মোদি সরকার।
সোমবার ২৫ আগস্ট গুজরাটের আহমেদাবাদে এক সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “যতই চাপ আসুক, আমরা তার মোকাবিলা করব। আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছি, আর সেই পথে অনেকটা এগিয়েও গেছি। দেশ এখন আরও শক্তিশালী।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্ক ভারতীয় রপ্তানির ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। তবে একইসঙ্গে এটি ভারতের জন্য দেশীয় বাজার আরও শক্তিশালী করার নতুন সুযোগও তৈরি করতে পারে।