ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইতিহাস বদলাতে চলেছে? রাশিয়া তৈরি করছে বিশ্বের প্রথম এইডস টিকা – ২ বছরের মধ্যেই বাজারে আসতে পারে!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৫, ০২:০৮ পিএম

ইতিহাস বদলাতে চলেছে? রাশিয়া তৈরি করছে বিশ্বের প্রথম এইডস টিকা – ২ বছরের মধ্যেই বাজারে আসতে পারে!

রাশিয়া এবার এইডস রোগীদের জন্য নিয়ে এলো আশার খবর। ভাইরাসজনিত প্রাণঘাতী এই রোগের টিকা তৈরি শুরু করেছে দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার। যদি প্রকল্পটি সফল হয়, তবে এটিই হবে বিশ্বের প্রথম এইডস ভ্যাকসিন। রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সব কিছু ঠিকঠাক চললে আগামী দুই বছরের মধ্যেই টিকাটি বাজারে আসতে পারে।

গামালিয়া সেন্টারের মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছেন, এ টিকা তৈরি হচ্ছে আধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। প্রচলিত টিকার মতো মৃত বা দুর্বল জীবাণু এখানে ব্যবহার করা হবে না। বরং এক ধরনের বিশেষ প্রোটিন শরীরে প্রবেশ করিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, অ্যান্টিজেন তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং দুই বছরেরও কম সময়ে টিকা বাজারে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এইডসের জন্য দায়ী ভাইরাস হলো এইচআইভি। এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, ফলে সাধারণ সংক্রমণেও আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। ভাইরাসটি ছড়ায় অনিরাপদ যৌন সম্পর্ক, দূষিত সিরিঞ্জ এবং মা থেকে নবজাতকের শরীরে।

১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগী শনাক্ত হয়। বর্তমানে সাহারা-উপসাহারার আফ্রিকান দেশগুলোতেই এর প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুধু ২০১৮ সালেই বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ এইডসে মারা গিয়েছিলেন। তবে আশার খবর হলো, ২০১০ সালের পর থেকে আক্রান্তের সংখ্যা কমছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়ায় প্রায় ১৩ লাখে, যা এক দশক আগের তুলনায় ৪০% কম।

এর আগে বিভিন্ন দেশ এইডস টিকা তৈরির চেষ্টা করলেও কেউ সফল হয়নি। তবে করোনা মহামারির সময় প্রথম স্পুটনিক-ভি টিকা তৈরি করে আলোচনায় আসে গামালিয়া সেন্টার। সেই টিকা ব্যবহার হয়েছিল ৭০টিরও বেশি দেশে। এবার সেই প্রতিষ্ঠানই ইতিহাস বদলে দিতে পারে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করে।