এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫, ০২:০৮ পিএম
পাকিস্তানের পূর্বাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ভারতে টানা ভারি বর্ষণের কারণে চেনাব, রাভি ও সুতলেজ—এই তিনটি আন্তঃসীমান্ত নদীতে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে প্রবল চাপ সামলাতে না পেরে পাকিস্তানের কর্তৃপক্ষ বাধ্য হয়ে একটি তীররক্ষা বাঁধ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে।
বুধবার এই বিস্ফোরণের পর বন্যার পানিতে তলিয়ে যায় বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পানির তীব্র চাপ কমাতে কাদিরাবাদ বাঁধের পাশের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় কর্তৃপক্ষ।
পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানিয়েছেন, বাঁধের মূল অবকাঠামো রক্ষা করতেই আমরা ডানপাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করেছি। এতে কিছুটা হলেও পানির চাপ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
প্রবল বর্ষণ ও বাড়তে থাকা নদীর পানি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এ কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নেওয়ার কাজ চলছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস পাঞ্জাব প্রদেশে। তাই বন্যার এ হুমকি দেশটির জন্য বড় সংকটে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।