ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শি জিনপিংয়ের গোপন চিঠি: কী লিখেছিলেন চীনা প্রেসিডেন্ট, কেন বরফ গলছে ভারত-চীন সম্পর্কে?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

শি জিনপিংয়ের গোপন চিঠি: কী লিখেছিলেন চীনা প্রেসিডেন্ট, কেন বরফ গলছে ভারত-চীন সম্পর্কে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেন, তখন নীরবে এক বড় পদক্ষেপ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি গোপন চিঠি পাঠান। আর এই চিঠিই ভারত-চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শি জিনপিংয়ের মূল উদ্দেশ্য ছিল ভারতের মনোভাব বোঝা। প্রথমে চিঠি যায় রাষ্ট্রপতির কাছে, পরে বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চিঠিতে শি উদ্বেগ প্রকাশ করেন, যাতে কোনো সম্ভাব্য মার্কিন-ভারত চুক্তি বেইজিংয়ের স্বার্থ ক্ষতিগ্রস্ত না করে। এমনকি তিনি বেইজিংয়ে আলোচনার জন্য একজন আঞ্চলিক কর্মকর্তার নামও প্রস্তাব করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুন থেকে প্রধানমন্ত্রী মোদি চীনের সঙ্গে যোগাযোগ বাড়ান। এর পেছনে ছিল দুটি বড় কারণ—ট্রাম্পের শুল্কারোপের হুমকি এবং পাকিস্তানের সঙ্গে সংঘাত। গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে পাল্টা হামলা চালায়। এতে চারদিনের সংঘাতে দুই দেশ মুখোমুখি হয়।

ট্রাম্প প্রশাসনের শুল্কে ভারতের অর্থনীতি চাপে পড়তেই নয়াদিল্লি ও বেইজিং আবারও সীমান্ত বিরোধ মেটাতে আলোচনায় বসে। আর এ কারণেই মোদি সাত বছর পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন।

সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। আগামী মাস থেকে দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে। চীন সহজ করেছে ইউরিয়া সরবরাহ, আর ভারত পুনরায় চালু করেছে চীনা নাগরিকদের পর্যটন ভিসা। এছাড়া বড় ব্যবসায়িক উদ্যোগও শুরু হয়েছে। জানা গেছে, আদানি গ্রুপ চীনের ইভি নির্মাতা বিওয়াইডির সঙ্গে অংশীদারিত্বের আলোচনায় রয়েছে। পাশাপাশি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও জেএসডব্লিউ গ্রুপও গোপনে চীনা সংস্থার সঙ্গে কাজ এগিয়ে নিচ্ছে।

সব মিলিয়ে, এক গোপন চিঠি থেকেই বদলে যাচ্ছে ভারত-চীন কূটনৈতিক সমীকরণ, আর দুই দেশের সম্পর্কের বরফ ধীরে ধীরে গলছে।