এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
সাত বছর পর চীনে সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুইদিনের সফর শেষে শনিবার তিনি চীনের বিমানবন্দরে পৌঁছে লাল গালিচা সংবর্ধনা পান। মোদি আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ২০১৮ সালের পর এটি তার প্রথম চীন সফর।
সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রাখছেন। ভারত-চীন সীমান্ত ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আলোচনার মূল বিষয় হবে। জাপান সফরের পর চীনে উপস্থিতি মোদি যে আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন তা বিশ্লেষকদের মতে স্পষ্ট। চীন এসসিওকে পশ্চিমা প্রভাবের বিকল্প হিসেবে তুলে ধরছে, আর ভারত এই সম্মেলনের মাধ্যমে বহুপাক্ষিক মঞ্চে নিজের অবস্থান শক্ত করতে চাইছে।