ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র, সৌদিতে আছড়ে পড়ল! তীব্র প্রতিশোধের হুঁশিয়ারি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

ইসরায়েল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র, সৌদিতে আছড়ে পড়ল! তীব্র প্রতিশোধের হুঁশিয়ারি

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সৌদি আরবের ভেতরে গিয়ে আছড়ে পড়ে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় ঢুকতেই পারেনি বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক কর্মকর্তারা।

ক্ষেপণাস্ত্র শনাক্ত হলেও ইসরায়েলের ভেতরে কোনো সতর্কতা জারি হয়নি, সাইরেনও বাজানো হয়নি। হিব্রু সংবাদমাধ্যম দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি সৌদি ভূখণ্ডে পড়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

এর আগের দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসরায়েলের বিমান হামলায় কয়েকজন শীর্ষ হুতি কমান্ডার নিহত হন। এরপরই প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠীটি।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় হামাসের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে অন্তত ৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৩টিরও বেশি ড্রোন ছুড়েছে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।