এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) শুক্রবার (২৯ আগস্ট) বড়সড় অভিযানে ১০৪ জন বিদেশিকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন, সেটি সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
একেপিএস জানিয়েছে, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় এসব যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৩০ আগস্ট) স্থানীয় দৈনিক সিনার হারিয়ান জানিয়েছে, আটক হওয়া যাত্রীদের কারো কাছে বৈধ রিটার্ন টিকিট ছিল না, কেউ থাকার নির্ভরযোগ্য ব্যবস্থা দেখাতে ব্যর্থ হন, আবার অনেকে মালয়েশিয়ায় আসার সঠিক কারণও জানাতে পারেননি। এমনকি কয়েকজনের দেওয়া ব্যাখ্যা সন্দেহজনক মনে হওয়ায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়।
শুধু তাই নয়, এর বাইরে আরও ২৮৮ জন বিদেশি বর্তমানে কেএলআইএতে আটকে রয়েছেন, যাদের পূর্বেও প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হয়েছিল। একেপিএস জানিয়েছে, তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে।
একেপিএসের মতে, মালয়েশিয়ার প্রবেশপথের নিরাপত্তা ও অখণ্ডতা নিশ্চিত করতে এই পদক্ষেপ অব্যাহত থাকবে। সংস্থাটি স্পষ্ট করে বলেছে, ‘‘শুধুমাত্র বৈধ কাগজপত্র এবং নির্ধারিত শর্ত পূরণকারীরাই মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাবেন।’’
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়া থেকে মালয়েশিয়ায় কাজ ও ভালো জীবনের খোঁজে প্রচুর মানুষ ভ্রমণ করেন। তবে ইমিগ্রেশন নীতিতে কড়াকড়ি বাড়ায় অনেকের পথ রুদ্ধ হচ্ছে, যা ভবিষ্যতে আরও কঠোর হতে পারে।