এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী আবারও বড় আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। ইরানের মদদপুষ্ট এই গোষ্ঠী বহুবার দমন-পীড়নের শিকার হলেও প্রতিবারই আরও শক্ত হয়ে ফিরে এসেছে। এবার তাদের লক্ষ্য সরাসরি ইসরাইল।
সম্প্রতি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবি। এই ঘটনার পরই হুথিরা ঘোষণা দিয়েছে, তারা কঠোর প্রতিশোধ নেবে। গোষ্ঠীটির শীর্ষ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদী আল মাশাদ স্পষ্ট বার্তা দিয়েছেন—ইসরাইলে কর্মরত সব বিদেশি কোম্পানি দ্রুত দেশ ছেড়ে চলে যাক।
হুথি অনুমোদিত টেলিভিশন চ্যানেল আল মাসিরায় আল মাশাদ বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রধানমন্ত্রী হত্যার জবাব ইসরাইল শিগগিরই পাবে। তাদের জন্য অপেক্ষা করছে এক কালো দিন।”
এদিকে ইরান কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ইয়েমেনে ইসরাইলি হামলার। তেহরান বলছে, এই হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি এবং এটি একেবারেই যুদ্ধাপরাধ। ইরানের দাবি, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকার কারণেই ইয়েমেনকে টার্গেট করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ড ইয়েমেনের জনগণের মনোবল ভাঙতে পারবে না, বরং মুসলিম বিশ্বে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়াবে। তারা জাতিসংঘকে আহ্বান জানিয়েছে, ইসরাইলের যুদ্ধ কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং দেশটির নেতাদের বিচারের মুখোমুখি করতে হবে।
হুথি বিদ্রোহীরা নিশ্চিত করেছে, রাজধানী সানায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় প্রধানমন্ত্রী রাহাবি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। আইডিএফ দাবি করেছে, সানায় একটি বৈঠকের সময় তারা হামলা চালিয়ে হুথি নেতৃত্বকে “নিশ্চিহ্ন” করেছে।