এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম
ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আবারও বিপদের মুহূর্তের ঘটনা ঘটেছে। রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের পরপরই মাঝ-আকাশে ডান দিকের ইঞ্জিনে আগুন দেখা দেয়।
ককপিট থেকে দ্রুত ডান ইঞ্জিন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিমানটি দিল্লিতে ফিরিয়ে আনা হয়। বিমানটির যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে এয়ারলাইন্সের মুখপাত্র।
রোববার সকালে দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়া এআই২৯১৩ ফ্লাইটের এই ঘটনা ঘটে। বিমান সাধারণত দুটি ইঞ্জিনযুক্ত। ডান ইঞ্জিন বন্ধ হলেও বাম ইঞ্জিন সচল থাকায় বিমানটি কিছুক্ষণ আকাশে নিরাপদভাবে ভেসে থাকতে পারে। পরে পাইলট নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করান।
এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট ফ্লাইটটি পরীক্ষা করা হচ্ছে। কেন ইঞ্জিনে আগুন লেগেছে এবং ভবিষ্যতে কোনো ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের ইন্দোরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যাত্রীদের দুর্ভোগের জন্য সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।উল্লেখ্য, ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছিল। এতে ২৬০ জন নিহত হন। সেই দুর্ঘটনার পর থেকে সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রোববার সকালে অল্পের জন্য নতুন একটি বিপদ এড়ানো গেল।