এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রবিবার ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফপি ও শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ-এর অফিসে অভিযান চালিয়ে অন্তত একজন কর্মীকে আটক করেছে। ইসরায়েলের হামলায় হুতি প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর নিহত হওয়ার পর সানায় নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।
ডব্লিউএফপির মুখপাত্র আবির এতেফা জানিয়েছেন, হুতি নিয়ন্ত্রিত সানায় সংস্থাটির কার্যালয়ে রবিবার সকালে অভিযান চালানো হয়েছে। একইভাবে, ইউনিসেফের অফিসেও হুতি অভিযান চালিয়েছে। তবে কোনো কর্মকর্তা গণমাধ্যমে নাম প্রকাশ করতে রাজি হননি।
ইউনিসেফের মুখপাত্র আম্মার আম্মার জানিয়েছেন, সানার অফিসকে ঘিরে একটি ‘চলমান পরিস্থিতি’ রয়েছে, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
জাতিসংঘের এক কর্মকর্তা জানান, ডব্লিউএফপি ও ইউনিসেফের আরও কয়েকজন কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে তাদেরও আটক করা হয়েছে।
হুতি বিদ্রোহীরা ইতিমধ্যে ডজনখানেক জাতিসংঘ কর্মী, সহায়তা সংস্থার ব্যক্তি ও সুশীল সমাজের কর্মী আটক করেছে। এছাড়া সানায় বন্ধ হয়ে যাওয়া মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মীরও অবস্থান অনিশ্চিত।
গত জানুয়ারিতে হুতি বিদ্রোহীরা আটজন কর্মীকে আটক করলে উত্তরাঞ্চলের সাদায় তাদের কার্যক্রম স্থগিত করতে হয় জাতিসংঘকে।