ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্কটল্যান্ড ক্রিকেটে বড় পরিবর্তন: প্রধান কোচ ডগ ওয়াটসন পদত্যাগ, ভবিষ্যৎ অনিশ্চিত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ পিএম

স্কটল্যান্ড ক্রিকেটে বড় পরিবর্তন: প্রধান কোচ ডগ ওয়াটসন পদত্যাগ, ভবিষ্যৎ অনিশ্চিত

স্কটল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ ডগ ওয়াটসন তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার ক্রিকেট স্কটল্যান্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জার্সি ও ইতালির কাছে হেরে মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পরই ওয়াটসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। যদিও তার অধীনে দল সাম্প্রতিক সময়ে কানাডা ও নামিবিয়াকে হারিয়েছে।

বিদায়ী বার্তায় ওয়াটসন বলেন, “দায়িত্ব ছাড়তে হচ্ছে বলে কিছুটা হতাশ, তবে এখানে কাটানো সময়ের অনেক সুন্দর স্মৃতি আমার সঙ্গে থাকবে। এই দারুণ স্কোয়াড ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করা আনন্দের অভিজ্ঞতা ছিল। আমি গর্বিত যে দলকে আইসিসি সিডব্লিউসিএল২ টেবিলের শীর্ষে রেখে যাচ্ছি। এখন পরিবারের সঙ্গে আরও সময় কাটানোর অপেক্ষায় আছি।”

২০২৩ সালের শুরুতে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পান ওয়াটসন। সেই সময় আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে হারান তার দল। একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বেও সফল হন তিনি।

২০২৪ সালে স্থায়ীভাবে দায়িত্ব পান ওয়াটসন। তবে তার অধীনে স্কটল্যান্ড অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্যায়ে উঠতে ব্যর্থ হয়।