ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফ্রান্সে বড় ধাক্কা! আস্থা ভোটে হেরে পদচ্যুত প্রধানমন্ত্রী বাইরু, গভীর সংকটে মাখোঁ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

ফ্রান্সে বড় ধাক্কা! আস্থা ভোটে হেরে পদচ্যুত প্রধানমন্ত্রী বাইরু, গভীর সংকটে মাখোঁ

ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে পদ হারালেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার অনুষ্ঠিত ভোটে তাঁকে পদচ্যুত করার পক্ষে দাঁড়ান অধিকাংশ সংসদ সদস্য। এর ফলে কেবল বাইরুই নয়, তাঁর পুরো সরকারকেই ক্ষমতা ছাড়তে হচ্ছে।

কীভাবে হারলেন বাইরু?

জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনা সামনে এনে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন বাইরু। সেই কারণেই তিনিই আহ্বান করেন আস্থা ভোট। কিন্তু ফল যায় উল্টো পথে।
ভোটে বাইরুর বিরুদ্ধে পড়ে ৩৬৪ ভোট, পক্ষে যায় ১৯৪ ভোট। এছাড়া ২৫ জন সদস্য ভোটদানে বিরত থাকেন।

মাত্র ৯ মাসের সরকার

দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় এমন পরিণতি মেনে নিতে হচ্ছে তাঁকে। ভোটের আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাইরু বলেন—

“সরকারকে নামানোর ক্ষমতা আপনাদের আছে, কিন্তু বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। খরচ বাড়বে, ঋণের বোঝা আরও ভারী হবে, আর ফ্রান্সের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।”

রাজনৈতিক সংকটে প্রেসিডেন্ট মাখোঁ

বাইরুর পতনে ফ্রান্সের রাজনৈতিক সংকট আরও গভীর হলো। কঠিন চাপে পড়লেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও। দুই বছরেরও কম সময়ে তাঁকে এখন পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে। এই অস্থিতিশীলতা ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে।