এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
টানা বিক্ষোভ আর রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। মঙ্গলবার ভোরে মন্ত্রিসভার মুখপাত্র ও যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি। এখন এগুলো স্বাভাবিকভাবে কাজ করছে।” উল্লেখ্য, গত সপ্তাহে ভুল তথ্য, জালিয়াতি ও ঘৃণামূলক বক্তব্য ঠেকানোর নামে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইনসহ মোট ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে এই সিদ্ধান্ত দেশজুড়ে ভয়াবহ বিক্ষোভের জন্ম দেয়। সোমবার কাঠমান্ডুতে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, রাবার বুলেট, জলকামান ও লাঠিচার্জ চালায়। এতে শুধু রাজধানীতেই ১৭ জন নিহত হন, আর ইটাহারী শহরে প্রাণ হারান আরও দুইজন।
দেশজুড়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে যেতে পারে, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, কয়েক দশকের মধ্যে এটি নেপালের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘও। মানবাধিকার হাই কমিশনারের দপ্তর জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ পেয়েছে তারা। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, “আমরা মর্মাহত। দ্রুত ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন।”
এদিকে নেপাল সরকার সোমবার রাতে ঘোষণা করেছে, বিক্ষোভে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং একটি বিশেষ তদন্ত প্যানেল গঠন করা হবে।