ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় ভয়াবহ দিন: ইসরাইলি হামলায় ৫২ নিহত, ক্ষুধায় প্রাণ গেল আরও ৬ জনের!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

গাজায় ভয়াবহ দিন: ইসরাইলি হামলায় ৫২ নিহত, ক্ষুধায় প্রাণ গেল আরও ৬ জনের!

অবরুদ্ধ গাজায় আবারও রক্তঝরা দিন। একদিকে ইসরাইলি বাহিনীর অবিরাম হামলা, অন্যদিকে খাবারের অভাবে মৃত্যু—দুই মিলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই ভূখণ্ড। আল জাজিরার খবরে জানা গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর) একদিনেই ইসরাইলি হামলায় অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

গাজা শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে সরাসরি হুমকি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, “এখনই শহর ছাড়ো।” অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক অভিযোগ করেছেন, ইসরাইল বেসামরিক মানুষের ওপর ‘গণহত্যা’ চালাচ্ছে এবং জীবনরক্ষাকারী সহায়তা সরবরাহ ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে।

ভলকার তুর্ক বলেন, “গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে। একটির পর একটি যুদ্ধাপরাধ করছে ইসরাইল। আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহির যথেষ্ট কারণ রয়েছে।” তিনি স্মরণ করিয়ে দেন, জানুয়ারিতে আদালত ইসরাইলকে গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, শুধু রবিবার সকাল থেকে ইসরাইলি হামলায় ৫০টির বেশি ভবন ধ্বংস হয়েছে এবং আরও ১০০টির আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত ২০০টির বেশি তাঁবু ভেঙে গেছে, যেগুলোতে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল অভিযোগ করেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে শরণার্থীদের শিবিরসংলগ্ন আবাসিক এলাকায় টার্গেট করছে।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা শহর থেকে জানান, “একটির পর একটি সুউচ্চ ভবন মাটিতে মিশে যাচ্ছে। এগুলো শুধু ভবন নয়, এর সঙ্গে ভেঙে পড়ছে মানুষের জরুরি সেবা ও টিকে থাকার অবলম্বন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার নিহত ৫২ জনের মধ্যে শুধু গাজা শহরেই মারা গেছেন অন্তত ৩২ জন। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক ওসামা বালউশাও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত সাহায্য ঠেকানো ও হামলার কারণে মানবিক বিপর্যয় ভয়াবহ আকার নিয়েছে। খাবারের অভাবে শিশুদের মৃত্যু প্রমাণ করছে পরিস্থিতি কতটা সংকটময় হয়ে উঠেছে।