ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নেপালে দমবন্ধ করা বিক্ষোভ: প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন, কারফিউতে রাজধানী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

নেপালে দমবন্ধ করা বিক্ষোভ: প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন, কারফিউতে রাজধানী

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও বিক্ষোভ থামেনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে আগুন ধরিয়েছে। এর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর বাসভবনেও হামলা চালানো হয়েছে।

রাজধানীতে কারফিউ জারি হলেও বিক্ষোভ ভাঙচুর ও ঢিল ছোড়াছুড়ির মধ্যে চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা বাসভবনে ঢুকে ঘুরে বেড়াচ্ছে ও ভাঙচুর করছে। পুলিশ সরাতে চেষ্টা করছে, কিন্তু বলপ্রয়োগ করা হচ্ছে না। বিক্ষোভকারীরা ‘সরকারে থাকা খুনিদের সাজা দাও, শিশু হত্যা বন্ধ করো’ স্লোগান দিতে দেখা গেছে।

সোমবারের বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ায় চাপ আরও বেড়েছে। নেপালি কংগ্রেস সাধারণ সম্পাদক গগন থাপা প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীরা বলেছেন, “আমরা এখানে বিক্ষোভ করতে এসেছি কারণ আমাদের তরুণ ও বন্ধুদের হত্যা করা হচ্ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, এই সরকার উৎখাত হোক।”

প্রধানমন্ত্রী ওলি সর্বদলীয় বৈঠক ডেকেছেন পরিস্থিতি সামাল দিতে। তবে জনগণের ক্ষোভ এখন সরাসরি তার সরকারের দিকে গিয়ে ঠেকেছে।