এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। রবিবার, ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের আগে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। তাঁর দাবি, পাকিস্তানের স্পিন আক্রমণে ভারত সমস্যায় পড়বে, বিশেষ করে সূর্যকুমার যাদবদের মতো ব্যাটারদের জন্য।
এশিয়া কাপের আগে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে। ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে তারা। আফগানিস্তান ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে অল আউট হয়। স্পিনার মহম্মদ নওয়াজ হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন।
আফগানিস্তানকে হারানোর পর সলমন জানিয়েছেন, যেখানে প্রয়োজন আমরা দুই স্পিনার খেলাব। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। আমাদের স্পিনারদের বিপক্ষে ভারত সমস্যায় পড়বে।
সলমন জানিয়েছেন, “এবার ওদের কপালে দুঃখ আছে। আমরা প্রস্তুত, দলের সকলে ভাল ফর্মে আছে। নওয়াজ ফিরে আসার পর দারুণ খেলে যাচ্ছে।” তিনি আরও জানিয়েছেন, দুবাইয়ের উইকেটে বেশি রান হওয়ার সম্ভাবনা নেই। তাই লো স্কোরিং ম্যাচে লড়াই আরও জমবে। “আমার মনে হয় এখানে ১৪০ রান অনেক। যে দল ভালো বল করবে তারা জিতবে। আমাদের বোলাররা ফর্মে আছে। আমরা আত্মবিশ্বাসী।”
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুবাইয়েই পাকিস্তান ভারতের কাছে ১০ উইকেটে জয়ী হয়েছিল। তারপর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের এশিয়া কাপ ও এক দিনের বিশ্বকাপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের কাছে পাকিস্তান হেরেছে।
কয়েক মাস পরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেই প্রতিযোগিতার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে তারা। আর সেই মঞ্চ থেকেই ভারতকে হারানোর হুঁশিয়ারি দিলেন পাক অধিনায়ক।