এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
আজ রাত আবুধাবিতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
এশিয়া কাপের আগে ১৬টি আসরের মধ্যে ১৪টি ওয়ানডে ফরম্যাটে হয়েছে। এবার তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। তিনবারের ফাইনাল খেলা বাংলাদেশের এবারের লক্ষ্য শিরোপা জয়।
বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের এশিয়া কাপ মিশন শুরু হবে। গ্রুপ পর্ব পার হতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। সেখানে প্রত্যেক দল একবার করে লড়বে একে অপরের সঙ্গে। এরপর সেরা দুই দল মুখোমুখি হয়ে ফাইনালে লড়বে। মোট ৮ দলের ১৯ ম্যাচের উত্তেজনা শেষে এশিয়ার সেরার মুকুট পরবে কারা, তা জানা যাবে ২৮ সেপ্টেম্বর।
অপরদিকে, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।