ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালাল ইসরাইল! বিমান ঘাঁটিতে তাণ্ডব, লাতাকিয়াতেও বিস্ফোরণ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালাল ইসরাইল! বিমান ঘাঁটিতে তাণ্ডব, লাতাকিয়াতেও বিস্ফোরণ

সিরিয়ার হোমস শহর ও উপকূলীয় লাতাকিয়ার কাছে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে হওয়া এ হামলার নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের এই বিমান হামলা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এ ধরনের আক্রমণ সিরিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে।
তবে হোমস ও লাতাকিয়ায় হামলার পর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সানা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। কেবল জানিয়েছে, সিরিয়ার জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান হোমসে একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। স্থানীয়রা সেখানে প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

লাতাকিয়ায় ইসরাইলি বিমানগুলো একটি সামরিক ব্যারাকে আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পরপরই সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। যদিও এখানেও প্রাথমিকভাবে কোনো নিহত বা আহতের খবর মেলেনি।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরাইল বারবার কোনো উস্কানি ছাড়াই সিরিয়ার ভেতরে হামলা চালাচ্ছে। এসব হামলার উদ্দেশ্য শুধু সিরিয়ার সার্বভৌমত্বকে খাটো করা নয়, বরং জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করাও।
সানা জানিয়েছে, মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরাইলি আগ্রাসন বন্ধে স্পষ্ট ও কার্যকর অবস্থান নেয়।

মানবাধিকার সংস্থা অবজারভেটরির তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সিরিয়ায় প্রায় ১০০ বার হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যে ৮৬টি ছিল বিমান হামলা এবং ১১টি স্থল আক্রমণ। এসব হামলায় অন্তত ১৩৫টি স্থাপনা ধ্বংস হয়েছে এবং ৬১ জন নিহত হয়েছেন।