এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
দক্ষিণ আফ্রিকার তারুণ্যের প্রতীক ও “বেবি এবি” খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস আবারও ক্রিকেট ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কেপটাউনে চলমান এসএ-টি-টোয়েন্টি ২০২৫ নিলামে তিনি ইতিহাস গড়েছেন।
প্রিটোরিয়া ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছে অবিশ্বাস্য ১৬.৫ মিলিয়ন র্যান্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৭২ লাখ টাকা। এই অঙ্ক লিগের সর্বোচ্চ, আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এর আগে সর্বোচ্চ নিলামের রেকর্ড ছিল ট্রিস্টান স্টাবসের, যিনি ২০২৩ সালে ৯.৩ মিলিয়ন র্যান্ডে সানরাইজার্স ইস্টার্ন কেপে যোগ দিয়েছিলেন। এবার সেই রেকর্ডকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন ব্রেভিস।
তবে নিলামে আলো কেবল তিনিই কাড়েননি। ডারবান’স সুপার জায়ান্টসকে এইডেন মার্করাম কিনতে হয়েছে ১৪ মিলিয়ন র্যান্ড খরচ। জোহানেসবার্গ সুপার কিংস ৯ মিলিয়ন র্যান্ডে দলে টেনেছে উইয়ান মালডারকে।
মাত্র ২১ বছর বয়সেই ব্রেভিস নিজেকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দামি টি–টোয়েন্টি ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ—সব জায়গাতেই তার আক্রমণাত্মক ব্যাটিং ভক্তদের মন জয় করেছে।
এই প্রতিভার প্রতিদান হিসেবে এসেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামী চুক্তি।