এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৯ পিএম
এশিয়া কাপ শুরু হয়েছে মহাদেশীয় ক্রিকেটের উৎসব নিয়ে। এই উৎসবকে কেন্দ্র করে এক অনন্য উদ্যোগ নিয়েছেন দুবাইয়ের এক শিল্পপতি। নিজের কর্মীদের খুশি করতে তিনি কিনে ফেলেছেন একেবারে ৭০০টি টিকিট!
রিয়েল এস্টেট খাতের সুপরিচিত প্রতিষ্ঠান ড্যানিয়ুব গ্রুপ–এর ভাইস চেয়ারম্যান আনিস সাজান জানিয়েছেন, এশিয়া কাপের বিভিন্ন ম্যাচের মোট ৭০০টি টিকিট তিনি কেটেছেন এবং সেগুলো পুরোপুরি উপহার দেবেন প্রতিষ্ঠানের শ্রমিক ও অধস্তন কর্মীদের।
সবচেয়ে আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচের জন্যই তিনি আলাদা করে ১০০টি টিকিট কিনেছেন। জানা গেছে, এই ম্যাচের টিকিটের দাম একেকটি ৮ লাখ টাকা পর্যন্ত পৌঁছে গেছে! শুধু তাই নয়, সুপার ফোর এবং ফাইনালের টিকিটও রয়েছে আনিসের কাছে। ফলে ভাগ্যবান কর্মীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন এশিয়া কাপের ফাইনাল ম্যাচও।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আনিস সাজান বলেন,
“সংযুক্ত আরব আমিরশাহীতে বড় ক্রিকেট ম্যাচ খুব কম হয়। তাই এবার যখন সুযোগ এসেছে, আমি চাই আমাদের সেই কর্মীরাও মাঠে বসে এই আনন্দের অংশ হোক, যারা প্রতিদিন নিঃশব্দে কাজ করে যান। এই ম্যাচগুলো তাদের জন্য নতুন স্মৃতি তৈরি করবে।”
তিনি আরও যোগ করেন, নিচুতলার শ্রমিকদের স্বীকৃতি ও সম্মান দিতেই এই টিকিট উপহার দেওয়া হচ্ছে।
তবে অন্যদিকে, সূত্র বলছে—দুবাইয়ে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে প্রত্যাশিত উন্মাদনা নেই! একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাইভোল্টেজ এই ম্যাচ শুরুর চার দিন আগে পর্যন্তও সব টিকিট বিক্রি হয়নি।
কারণ হিসেবে ধরা হচ্ছে, ‘গলা কাটা দাম’। অনেকেই ভেবেছেন, সুপার ফোরে উঠলে ভারত–পাকিস্তানের আরও ম্যাচ হতে পারে, তাই সেই সময়েই মাঠে বসে দেখার পরিকল্পনা করছেন অনেকে।