এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৯ পিএম
এশিয়া কাপে ভালো করতে হলে শুধু ব্যাটিং-বোলিং নয়, বাড়তি মনোযোগ দিতে হবে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিংয়ে। এমনই পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
বুধবার মিরপুরে তিন দিনব্যাপী ব্যাটিং কোচিং কোর্স ‘রান স্কোরিং ওয়ার্কশপ’-এর উদ্বোধন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাওয়া লিটন দাসের নেতৃত্বাধীন দল নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।
বুলবুলের ভাষায়, “টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিং সবারই প্রায় একই রকম। পার্থক্য গড়ে দেয় রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিং। ব্যাটিংয়ে অতিরিক্ত ১৫ রান আর ফিল্ডিংয়ে ১০ রান বাঁচাতে পারলে মোট ২৫ রানই হয়ে যাবে ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর।”
সংযুক্ত আরব আমিরাতের উইকেট ও কন্ডিশন সম্পর্কে গভীর অভিজ্ঞতা আছে বাংলাদেশের এই সাবেক অধিনায়কের। সাম্প্রতিক সাফল্য নিয়েও আশাবাদী তিনি। শ্রীলঙ্কা, পাকিস্তান আর নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ দলের প্রতি তাঁর আস্থা আরও বেড়েছে।
তিনি যোগ করেন, “টি-টোয়েন্টি এমন এক সংস্করণ, যেখানে আগে থেকে কিছু বলা কঠিন। তবে আমি নিশ্চিত, এই দলটা অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে।”
এশিয়া কাপে বাংলাদেশ এখনও শিরোপা জিততে পারেনি। তবে সাম্প্রতিক ফর্ম আর সভাপতি বুলবুলের আশাবাদ মিলিয়ে টাইগার ভক্তদের বুকেও জমছে নতুন প্রত্যাশা।