ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ওলি, সেনা সুরক্ষায় লুকিয়ে পাঠালেন আবেগঘন বার্তা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম

অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ওলি, সেনা সুরক্ষায় লুকিয়ে পাঠালেন আবেগঘন বার্তা

অবশেষে খোঁজ মিলেছে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির। দীর্ঘ নীরবতার পর জানা গেছে, তিনি এখনো নেপালেই রয়েছেন এবং সেনাবাহিনীর নিরাপত্তায় রাজধানী কাঠমান্ডুর কাছে শিবপুরী এলাকায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি দেশজুড়ে আন্দোলনরত জেন জি প্রজন্মের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালি সংবাদমাধ্যম খবর হাব জানায়, লিখিত এক বার্তায় নিজের ব্যক্তিগত শোক, সংগ্রাম আর শাসনকালের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ওলি। পুলিশের গুলিতে নিহত তরুণদের স্মরণ করে তিনি জানান, রাষ্ট্রীয় নিপীড়নে সন্তানহীন হয়ে গেলেও তার ভেতরে বাবা হওয়ার স্বপ্ন এখনো বেঁচে আছে।

১৯৯৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিজের অভিজ্ঞতা স্মরণ করে ওলি বলেন, তার সময় কোনো গুলি ছোড়া হয়নি। তিনি শান্তির পক্ষে আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে অভিযোগ করেন, বর্তমান বিক্ষোভকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ধ্বংসাত্মক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

তার ভাষায়, সরকারি দপ্তরে আগুন লাগানো বা ভাঙচুর কোনো হঠাৎ ঘটনা নয়, বরং তরুণদের নিষ্পাপ মুখ ব্যবহার করে রাজনৈতিক লাভ তোলা হচ্ছে।

ওলি আবারও জোর দিয়ে দাবি করেন, নেপালের অধিকার রয়েছে বিতর্কিত লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার ওপর। একইসঙ্গে তিনি জানান, নাগরিকদের বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং প্রশ্ন করার অধিকার নিশ্চিত করাই তার জীবনের প্রধান লক্ষ্য।