এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম
নেপালের সেনাবাহিনী চলমান পরিস্থিতি মোকাবেলায় আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কাঠমান্ডু উপত্যকায় কারফিউ জারি করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, জনগণ ও সম্পত্তি রক্ষার জন্য এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজধানী কাঠমান্ডুতে সরকারের পতনের পরও উত্তেজনা কমেনি। গত সোমবার পুলিশের কঠোর দমন-পীড়নে বহু মানুষ নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও সিংহ দরবারে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব স্থানে আগুন জ্বলতে থাকে, গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো ধ্বংস হয়।
অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ব্যাংক লুট চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বনেশ্বর শাখার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকের কর্মীরা জানান, ব্যাংকে ডাকাতি চলছে। ব্যাংক কর্মীদের ধারণা, এই লুটপাটের সঙ্গে ‘জেন জি আন্দোলন’ সম্পর্কিত নয়। বরং এটি অন্য অরাজক গোষ্ঠীর কর্মকাণ্ড, যারা বিক্ষোভকে আড়াল হিসেবে ব্যবহার করছে।
সেনাবাহিনী কারফিউ কার্যকর করতে নগরীজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে। জনগণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী কঠোর নজরদারি চালাবে বলে জানানো হয়েছে।