ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শোয়েব মালিকের চোখে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা, উমর গুল দিলেন ভরসা বোলিংয়ে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

শোয়েব মালিকের চোখে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা, উমর গুল দিলেন ভরসা বোলিংয়ে

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এশিয়া কাপে নেমেছে উপমহাদেশের দলগুলো। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। তবে ব্যাটিং লাইনআপ নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তার মতে, ধারাবাহিকতার অভাব এবং বড় ইনিংস খেলতে না পারার প্রবণতা এশিয়া কাপে টাইগারদের ভোগাতে পারে।

এক অনুষ্ঠানে মালিক বলেন,

"বাংলাদেশের ব্যাটিংয়ে ঝলক আছে, কিন্তু সেই ঝলক দীর্ঘ সময় ধরে রাখতে পারছে না। কেউ যদি ২০-২৫ রান করে, সেটাকে ৫০-৭০ বা ভালো দিনে ১০০-তে রূপান্তর করা জরুরি। তারা যদি এটা করতে পারে, তাহলে বাংলাদেশকে আমি শেষ চারে দেখতে পাচ্ছি।"

মালিকের পাশে বসা পাকিস্তানের সাবেক পেসার উমর গুল অবশ্য ভরসা রাখছেন বাংলাদেশের বোলিং আক্রমণে। বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেনের উইকেট নেওয়ার ক্ষমতা তার নজর কেড়েছে। তিনি রিশাদকে আখ্যা দিয়েছেন ‘উইকেট টেকার’।

যদিও রিশাদের সাম্প্রতিক ফর্ম তেমন ঝলমলে নয়। নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেলেও কোনো উইকেট পাননি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে নেন একটি উইকেট। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে চারটি উইকেট পেয়েছিলেন তিনি।

রিশাদের ফর্ম নিয়ে গুল বলেন,

"সে মাঝের ওভারে উইকেট এনে দিতে পারে। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি, তবুও সে একজন উইকেট শিকারি বোলার। বাংলাদেশের হাতে সব রকম বিকল্প আছে। আমার মতে, তাদের দুর্দান্ত বোলিং আক্রমণ রয়েছে, যারা খেলার প্রতিটি সিচুয়েশনে ভালো বল করতে সক্ষম।"

এশিয়া কাপের মঞ্চে তাই ব্যাটিং নাকি বোলিং—কোনটা হবে বাংলাদেশের শক্তি, এখন সেটিই দেখার বিষয়।