ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল চেয়ে আবেদন, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়: খেলাই হবে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল চেয়ে আবেদন, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়: খেলাই হবে

ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি নিয়ে। তবে চার আইনের শিক্ষার্থীর করা সেই পিটিশন খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুবাইয়ে মুখোমুখি হবে ক্রিকেট দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ঠিক এই ম্যাচ বাতিলের দাবিতেই উর্বশী জৈনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছিলেন।

তাদের যুক্তি ছিল—কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা মানেই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তবে আদালত তাদের দাবি একেবারেই গুরুত্ব দেয়নি।

বিচারপতি মহেশ্বর মন্তব্য করেন, “কী দরকার এসবের! এটা তো একটা ম্যাচ, হতে দিন। রবিবার মাঠে খেলা গড়াবে। প্রতিদিনই তো ম্যাচ হয়, কোনো না কোনো দল খেলবেই।”

এর আগে চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত দেখা দেয়। ভারত সেই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’।

যদিও যুদ্ধ থেমেছে, দুই দেশের মধ্যে এখনো উত্তেজনা বজায় আছে। তার প্রভাব পড়েছে ক্রিকেটেও। ভারতের সাবেক ক্রিকেটারদের একটি অংশ এখনো এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের বিরোধিতা করছেন।

তবে সুপ্রিম কোর্টের এই রায়ের পর স্পষ্ট হলো—রবিবার দুবাইয়ে মাঠে নামছে দুই দলই। আর এই লড়াই দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।