এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং দেখে হতাশ হয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর। তার মতে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ আরও আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে পারত, কিন্তু তারা সে সুযোগ হাতছাড়া করেছে।
ইএসপিএনক্রিকইনফোতে এক বিশ্লেষণে জাফর বলেন, লিটন দাস ও তৌহিদ হৃদয়ের জুটির পর ম্যাচটি ১৫ বা ১৬ ওভারের মধ্যেই শেষ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু বাংলাদেশ তা করতে পারেনি।
তার মতে, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে স্পষ্ট বার্তা দিতে পারত—যে তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে প্রস্তুত। হংকংয়ের মতো দলের বিপক্ষে রক্ষণশীল ব্যাটিংয়ের কোনো প্রয়োজন ছিল না।
জাফর আরও যোগ করেন, আবুধাবির উইকেট খুব একটা কঠিন ছিল না এবং হংকংয়ের বোলারদের গতি তুলনামূলক ধীর হলেও বাংলাদেশ সেটা কাজে লাগাতে পারেনি। হয়তো শুরুতে দুই উইকেট হারানোয় টাইগাররা নেট রান রেটের চিন্তা বাদ দিয়ে কেবল নিরাপদে জয়ের কৌশল নিয়েছিল।
তবে ব্যাটসম্যানদের প্রচেষ্টা তিনি পুরোপুরি খাটো করেননি। জাফর বলেন,
"লিটন শুরুতে ধীরে খেললেও পরে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং ইনিংসটা স্মার্টভাবে সাজিয়েছে। হৃদয় কিছুটা সংগ্রাম করলেও তাদের জুটি ম্যাচ জয়ের ভিত গড়ে দেয়।"
এশিয়া কাপে প্রথম ম্যাচেই তাই বাংলাদেশের ধীর ব্যাটিং নিয়ে শুরু হলো সমালোচনার ঝড়।