ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মাত্র ২০ ঘণ্টায় বিশ্বকাপ টিকিটের আবেদন ছাড়াল দেড় মিলিয়ন – উন্মাদনায় ভাসছে ফুটবল ভক্তরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম

মাত্র ২০ ঘণ্টায় বিশ্বকাপ টিকিটের আবেদন ছাড়াল দেড় মিলিয়ন – উন্মাদনায় ভাসছে ফুটবল ভক্তরা

২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে এই মহাযজ্ঞকে ঘিরে শুরু হয়েছে টিকিটের দৌড়ঝাঁপ। ফিফা জানিয়েছে, টিকিটের প্রাথমিক আবেদন শুরু হওয়ার পর মাত্র ২০ ঘণ্টায় আবেদন সংখ্যা ছাড়িয়েছে দেড় মিলিয়ন।

সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক তিন দেশের সমর্থকদের কাছ থেকে। এরপর রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা।

ফিফার চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, “এত বিপুল আবেদনই প্রমাণ করছে, বিশ্বকাপ ২০২৬ গোটা বিশ্বে কী পরিমাণ উত্তেজনা ছড়িয়েছে। ফুটবল ইতিহাসে এটি এক নতুন মাইলফলক হয়ে উঠবে।”

আবেদন প্রক্রিয়া চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাই করা সমর্থকদের ই-মেইল জানানো হবে একই দিনে। পরবর্তী ধাপে ১ অক্টোবর থেকে নির্দিষ্ট স্লটে অনলাইনে টিকিট কেনা যাবে। সরাসরি ক্রয়ের কোনো সুযোগ নেই। যদি আসন ফাঁকা থাকে, তবে পুনরায় বিক্রির তথ্য জানানো হবে ফিফার ওয়েবসাইটে।

ফিফা জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় ভক্তদের ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করতে হবে। ভিসা প্রি-সেল ড্র অনুষ্ঠিত হবে প্রকাশিত নিয়ম অনুযায়ী। আবেদন করতে হলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।

গ্রুপ-পর্বের টিকিটের দাম শুরু হবে ৬০ মার্কিন ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে। ক্যাটাগরিভেদে দাম আরও বাড়বে। টিকিট পাওয়া যাবে একক ম্যাচ, ভেন্যু-নির্দিষ্ট ও দল-নির্দিষ্ট ক্যাটাগরিতে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে বিশ্বকাপের আসর। ১৬টি ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি। মোট ১০৪ ম্যাচে ৪৮ দল অংশ নেবে, আর ফিফার আশা—স্টেডিয়ামে ভিড় জমাবেন প্রায় ৬.৫ মিলিয়ন দর্শক।